তাজা খবর : মার্চ ৩০,২০২৬

শুভ সন্ধ্যা।
আপনারা দেখছেন সন্ধ্যার খবর।

প্রথমে এক নজরে প্রধান শিরোনাম।

———————————————————————–

দেশে নকশালবাদের অবসান ঘটাতে আধাসামরিক বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, বামপন্থী উগ্রবাদ-প্রভাবিত এলাকাগুলিতে এখন উন্নয়ন পৌঁছে যাচ্ছে।

পশ্চিম এশিয়ার সংঘাতের মাঝেও দেশে সার, পেট্রোল, ডিজেল, এলপিজি এবং পিএনজি-র পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বাস কেন্দ্রের।

প্রক্রিয়াগত বিলম্ব এবং ব্যাখ্যাগত জটিলতা দূর করতে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড সংশোধনী বিল পাস করল লোকসভা।

মহাবীর জয়ন্তী উপলক্ষে আগামীকাল গান্ধীনগরে সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গুজরাটের ভাভ-থারাদে প্রায় ২০ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পও চালু করবেন তিনি।

রায়পুরে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে মহিলাদের হকির ফাইনালে উঠেছে মিজোরাম এবং ওড়িশা।

———————————————————————–

এবার বিস্তারিত খবর।

———————————————————————–

দেশে বামপন্থী উগ্রবাদ একসময় প্রভাবিত অঞ্চলগুলির উন্নয়ন রুদ্ধ করে দিয়েছিল, কিন্তু এখন নরেন্দ্র মোদি সরকারের আমলে সেই সব এলাকাতেও উন্নয়ন পৌঁছে যাচ্ছে বলে আজ লোকসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রুল ১৯৩-র আওতায় নকশালমুক্ত ভারত গড়ার প্রচেষ্টা নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, যে-ই অস্ত্র তুলে নেবে, তার মোকাবিলা কড়া হাতে করা হবে, আর গুলির জবাব গুলিতেই দেওয়া হবে।

অমিত শাহ বলেন, নকশালরা ১২টি রাজ্যে ‘রেড করিডর’ তৈরি করেছিল, এবং সেখানে কার্যত আইনের শাসন ভেঙে পড়েছিল।
তাঁর দাবি, বামপন্থী হিংসায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ কোটি মানুষ বছরের পর বছর উন্নয়নহীন দারিদ্র্যের মধ্যে বসবাস করেছেন।

২০১৪-র পর নকশালবিরোধী লড়াইয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ৫৯৬টি সুরক্ষিত পুলিশ স্টেশন তৈরি করে নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করা হয়েছে।
২০১৪ সালে নকশাল-প্রভাবিত জেলার সংখ্যা ছিল ১২৬, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ২-এ।
২০২৪ সাল থেকে ২০২৬-এর মার্চ পর্যন্ত ৭০৬ জন নকশাল সংঘর্ষে নিষ্ক্রিয় হয়েছে, ২ হাজার ২১৮ জনকে আটক করা হয়েছে এবং ৪ হাজার ৮৩৯ জন আত্মসমর্পণ করেছে বলে তিনি জানান।
অমিত শাহ আরও বলেন, ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে নকশালবাদের কার্যত অবসান ঘটেছে।

দেশকে নকশালমুক্ত করার অভিযানে আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ এবং সাধারণ মানুষের ভূমিকারও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নকশালবিরোধী লড়াইয়ে প্রাণ হারানো যুবক এবং নিরাপত্তাকর্মীদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।

কংগ্রেসকেও এদিন কটাক্ষ করেন অমিত শাহ।
তাঁর বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেই একসময় নকশালবাদকে দেশের বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছিলেন, কিন্তু কংগ্রেস সরকার কার্যত কিছুই করেনি।

আলোচনা শুরু করেন শিবসেনার সাংসদ শ্রীকান্ত শিন্ডে।
তিনি নরেন্দ্র মোদি সরকার, আধাসামরিক বাহিনী এবং পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে কংগ্রেসের সপ্তগিরি শঙ্কর উলাকা বলেন, ইউপিএ সরকারের আমলেও নকশালবিরোধী একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
টিডিপির ডক্টর বাইরেড্ডি শাবারি অভিযোগ করেন, ২০০৪ থেকে ২০১৪-র মধ্যে ইউপিএ আমলেই নকশাল হামলার সংখ্যা ছিল সর্বাধিক।
দিনের কাজ শেষ হওয়ার পর লোকসভা আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

———————————————————————–

ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড সংশোধনী বিল ২০২৫ আজ কণ্ঠভোটে পাস করেছে লোকসভা।
প্রথমে বিলটি একটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল।
২০১৬ সালের আইবিসি আইনে সংশোধন এনে সংস্থা ও ব্যক্তিগত অংশীদারদের মধ্যে প্রক্রিয়াগত বিলম্ব এবং ব্যাখ্যাগত জটিলতা দূর করতেই এই বিল আনা হয়েছে।

লোকসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোডকে কখনওই কেবল ঋণ পুনরুদ্ধারের হাতিয়ার হিসেবে ভাবা হয়নি।
এটি কার্যকর ব্যবসাকে বাঁচানো, আর্থিক সঙ্কটের সমাধান এবং প্রতিষ্ঠানের মূল্য সংরক্ষণের একটি কাঠামো হিসেবেই তৈরি করা হয়েছিল বলে তিনি জানান।

———————————————————————–

পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেও দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আজ আশ্বাস দিয়েছে কেন্দ্র।
দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে সার দফতরের অতিরিক্ত সচিব অপরণা শর্মা জানান, দেশের ইউরিয়া উৎপাদনকারী ইউনিটগুলি বর্তমানে ৮০ শতাংশ ক্ষমতায় উৎপাদন করছে।

তিনি জানান, খরিফ মরশুমে দেশের ৩৯০ টন সার প্রয়োজন হয়।
উপসাগরীয় দেশগুলির বাইরে থেকেও সরবরাহ উৎস বৈচিত্র্যময় করার প্রচেষ্টা চলছে বলেও তিনি জানান।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং পিএনজি-র পর্যাপ্ত প্রাপ্যতা রয়েছে।
এ জন্য সরকার একাধিক স্তরে পদক্ষেপ করেছে এবং তা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, দেশের রিফাইনারিগুলি স্বাভাবিকভাবে চলছে এবং অপরিশোধিত তেলের মজুতও যথেষ্ট।

বিদেশ মন্ত্রকের গালফ বিভাগের যুগ্মসচিব আসীম মহাজন জানান, গতকাল কুয়েতে এক ভারতীয় নাগরিক হামলায় নিহত হয়েছেন।
শোকপ্রকাশ করে তিনি বলেন, কুয়েতে ভারতের মিশন মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত মরদেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
অঞ্চলে বসবাসকারী বিপুল ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও তিনি জানান।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী মোদি এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

———————————————————————–

আগামীকাল একদিনের সফরে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহাবীর জয়ন্তী উপলক্ষে গান্ধীনগরে সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করবেন তিনি এবং অনুষ্ঠানে ভাষণও দেবেন।

মহাবীর জৈন আরাধনা কেন্দ্র প্রাঙ্গণে অবস্থিত এই জাদুঘরে রয়েছে সাতটি পৃথক গ্যালারি, যেখানে ভারতের সভ্যতাগত ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে।
এখানে শতাব্দীপ্রাচীন দুর্লভ নিদর্শন, জৈন শিল্পবস্তু এবং ঐতিহ্যবাহী সংগ্রহ সংরক্ষিত ও প্রদর্শিত হচ্ছে।

এছাড়া ভাভ-থারাদে প্রায় ২০ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।
খাভদায় বিশ্বের বৃহত্তম হাইব্রিড পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উদ্যানে বিদ্যুৎ মন্ত্রকের ৩ হাজার ৬৬৪ কোটি টাকার ৩টি প্রকল্প উৎসর্গ করবেন তিনি।
৭৫০ কোটি টাকা ব্যয়ে ইদার-বাদোলি বাইপাস চার লেন সড়ক এবং ধোলাভিরা-মাউয়ানা-ওভা-সান্তালপুর অংশের শিলান্যাসও হবে।

আহমেদাবাদ-ধোলেরা প্রকল্পের ১ থেকে ৪ নম্বর প্যাকেজ, যা ৫ হাজার ১০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত, তারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রেল মন্ত্রকের ৮৯১ কোটি টাকার প্রকল্পও তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ-এর আওতায় গুজরাটের ৩৪টি জেলায় ৩৮ হাজার ৯৪৯টি বাড়ির সুবিধাও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে।

———————————————————————–

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর আজ থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে।
তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে এবং পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে প্রথম দফার ভোট হবে আগামী মাসের ২৩ তারিখে।

———————————————————————–

অসমের ১২৬টি বিধানসভা আসনেই এক দফায় ভোট হবে।
সিবসাগর বা শিবসাগর, যা একসময় ৬০০ বছর ধরে অসমের বৃহৎ অংশ শাসন করা আহোম সাম্রাজ্যের রাজধানী ছিল, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত।

৯৬ নম্বর সিবসাগর বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৯ই এপ্রিল।
শহর ও গ্রামাঞ্চলের মিশ্র এই কেন্দ্রে এবার ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাইজর দলের সভাপতি অখিল গগৈর বিরুদ্ধে লড়ছেন অসম গণপরিষদের প্রদীপ হাজারিকা, বিজেপির কুশল দুয়ারি, আম আদমি পার্টির তপন গগৈ এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী।

অখিল গগৈ এই কেন্দ্রের বর্তমান বিধায়ক।
প্রদীপ হাজারিকা আবার সীমানা পুনর্নির্ধারণে বিলুপ্ত হওয়া আমগুড়ি কেন্দ্রের বিদায়ী বিধায়ক।
এনডিএ শরিক হয়েও এজিপি-র পাশাপাশি বিজেপি সিবসাগরে প্রার্থী দিয়েছে—দুইবারের প্রাক্তন বিধায়ক কুশল দুয়ারিকে।

২০২৩ সালের সীমানা পুনর্নির্ধারণের পর সিবসাগর কেন্দ্রের সীমানা ও জনসংখ্যায় পরিবর্তন এসেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৯ হাজারেরও বেশি।
এর মধ্যে ১ লক্ষ ৩ হাজারের বেশি পুরুষ এবং ১ লক্ষ ৬ হাজারের বেশি মহিলা ভোটার রয়েছেন।

২০২১ সালের নির্বাচনে ৬ জন প্রার্থী লড়েছিলেন।
সেবার ৪৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হন অখিল গগৈ।

———————————————————————–

মিশন কর্মযোগী, অর্থাৎ সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং-এর জাতীয় কর্মসূচি, সরকারি কর্মচারীদের ধারাবাহিক শিক্ষা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২রা এপ্রিল থেকে ৮ই এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘সাধনা সপ্তাহ’, যার লক্ষ্য সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তি গ্রহণে উৎসাহ দেওয়া।

আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের সদস্য, এইচআর, ডক্টর আর বালাসুব্রামানিয়ম বলেন, মিশন কর্মযোগী সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ-প্রস্তুত করে তুলতে এবং দেশে সক্ষমতা বৃদ্ধির পরিবেশ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

———————————————————————–

ছত্তিশগড়ে চলা খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের ষষ্ঠ দিনে আজ রায়পুরে হকি ও ফুটবল এবং অম্বিকাপুরে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মহিলাদের হকিতে ফাইনালে উঠেছে মিজোরাম এবং ওড়িশা।
প্রথম সেমিফাইনালে মিজোরাম ৩-২ গোলে হারিয়েছে ঝাড়খণ্ডকে।
দ্বিতীয় সেমিফাইনালে ওড়িশা ৮-০ গোলে পরাজিত করেছে মধ্যপ্রদেশকে।

পুরুষদের হকির প্রথম সেমিফাইনালে ঝাড়খণ্ড ৮-১ গোলে হারিয়ে দিয়েছে মধ্যপ্রদেশকে এবং ফাইনালে জায়গা করে নিয়েছে।

———————————————————————–

আবার এক নজরে প্রধান খবর।

দেশে নকশালবাদ নির্মূলে আধাসামরিক বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষের ভূমিকাকে কুর্নিশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, বামপন্থী উগ্রবাদ-প্রভাবিত এলাকাগুলিতে এখন উন্নয়ন পৌঁছে যাচ্ছে।

দেশে সার, পেট্রোল, ডিজেল, এলপিজি এবং পিএনজি-র পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বাস কেন্দ্রের।

প্রক্রিয়াগত বিলম্ব এবং ব্যাখ্যাগত জটিলতা দূর করতে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড সংশোধনী বিল পাস করল লোকসভা।

আগামীকাল গান্ধীনগরে সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভাভ-থারাদে প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পও চালু করবেন তিনি।

খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে মহিলাদের হকির ফাইনালে উঠেছে মিজোরাম এবং ওড়িশা।

———————————————————————–

এখানেই শেষ করছি আজকের সন্ধ্যার খবর।
দেখতে থাকুন।
শুভরাত্রি।

Sudarshan Bhunia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *