শুভ সন্ধ্যা।
আপনারা দেখছেন সন্ধ্যার খবর।
প্রথমে এক নজরে প্রধান শিরোনাম।
———————————————————–
পশ্চিম এশিয়া সংকট সত্ত্বেও খরিফ মরশুমের জন্য দেশে সার, বীজ এবং কৃষি-রাসায়নিকের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানাল কেন্দ্র।
দেশীয় উড়ান পরিষেবার জন্য এটিএফ-এর মূল্যবৃদ্ধি সীমিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিমান শিল্প।
অসমে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং আদিবাসী ও স্থানীয় মানুষের জমির অধিকার রক্ষার অঙ্গীকার প্রধানমন্ত্রীর।
অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।
প্রক্রিয়াগত বিলম্ব এবং ব্যাখ্যাগত জটিলতা দূর করতে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড সংশোধনী বিল পাস করল সংসদ।
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের নিয়োগ ও পরিষেবা-সংক্রান্ত সাধারণ নিয়ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিল পাস রাজ্যসভায়।
জনগণনা ২০২৭-এর স্ব-গণনা প্রক্রিয়ায় অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের শচীন সিওয়াচ এবং বিশ্বনাথ সুরেশ পুরুষদের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
———————————————————–
এবার বিস্তারিত খবর।
———————————————————–
পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও খরিফ মরশুমের জন্য দেশে সার, ফসলের বীজ এবং কৃষি-রাসায়নিকের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আজ জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক বৈঠকে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব ডক্টর মনিন্দর কৌর দ্বিবেদী এই তথ্য জানান।
তিনি বলেন, দেশে বর্তমানে ১৮৫ লক্ষ কুইন্টালেরও বেশি খরিফ ফসলের বীজ মজুত রয়েছে।
চলতি খরিফ মরশুমের জন্য প্রয়োজনীয় সারের ৪৬ শতাংশ ইতিমধ্যেই প্রারম্ভিক মজুত হিসেবে রয়েছে বলেও তিনি জানান।
কৃষি-রাসায়নিকের পর্যাপ্ত পরিমাণও দেশে রয়েছে বলে তিনি আশ্বাস দেন।
———————————————————–
একই বৈঠকে অসাম্বা চুবা আও, বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের যুগ্মসচিব, জানান যে দেশীয় উড়ানের জন্য এভিয়েশন টারবাইন ফুয়েলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রিত রাখার সরকারি সিদ্ধান্তকে বিমান শিল্প স্বাগত জানিয়েছে।
সরকার দেশীয় নির্ধারিত বিমান সংস্থাগুলির অভ্যন্তরীণ রুটে এটিএফ-এর দামে সীমিত ২৫ শতাংশ বৃদ্ধি কার্যকর করেছে বলে তিনি জানান।
এয়ার ইন্ডিয়া এই পদক্ষেপকে বর্তমান কঠিন সময়ে বিমান শিল্পের জন্য সময়োপযোগী এবং স্বস্তিদায়ক বলেছে।
ইন্ডিগোর মতে, এতে সংস্থাগুলির আর্থিক স্থিতি বাড়বে এবং যাত্রীদের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ভাড়া বজায় রাখা সহজ হবে।
আকাসা এয়ারও জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত পরিচালন ব্যয় সামলাতে এবং ভ্রমণকে আরও সহজলভ্য করতে সাহায্য করবে।
———————————————————–
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানিয়েছেন, আগামী দু’মাসের জন্য পর্যাপ্ত অপরিশোধিত তেলের জোগান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তেহরানে ভারতীয় দূতাবাস এখনও পর্যন্ত ১ হাজার ১৭১ জন ভারতীয়কে স্থানান্তর প্রক্রিয়ায় সহায়তা করেছে।
———————————————————–
অসম, কেরল এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের প্রচার আরও তীব্র হয়েছে।
এই তিন জায়গাতেই ৯ই এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে—অসমে ১২৬টি আসনে, কেরলে ১৪০টি আসনে এবং পুদুচেরির ৩০ সদস্যের বিধানসভায়।
প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদি আজ অসমের গোগামুখ এবং বিশ্বনাথে নির্বাচনী জনসভায় ভাষণ দেন।
তিনি বলেন, গত দশ বছরে এনডিএ শাসনে অসমে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
তাঁর অভিযোগ, কংগ্রেস স্থানীয় মানুষের জমিতে অবৈধ অনুপ্রবেশকারীদের বসতি গড়তে দিয়েছে।
অসমকে অবৈধ অনুপ্রবেশমুক্ত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর জমির অধিকার রক্ষা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও আজ সারাদিন অসমে নির্বাচনী প্রচার করেন।
শিবসাগর জেলায় এক সভায় তিনি অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার চাপে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন।
———————————————————–
আমাদের কেন্দ্রভিত্তিক বিশেষ পর্বে আজ রয়েছে কেরলের পাথানামথিট্টা জেলার রান্নি কেন্দ্র।
গ্রামীণ পরিবেশ, প্ল্যান্টেশন-নির্ভর অর্থনীতি এবং রাজনৈতিকভাবে সচেতন ভোটারদের জন্য এই কেন্দ্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
রান্নি কেন্দ্রে এবার ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলডিএফ-এর প্রার্থী কেরল কংগ্রেস এম-এর প্রমোদ নারায়ণন।
ইউডিএফ-এর প্রার্থী কংগ্রেস নেতা পাঝাকুলাম মধু।
এনডিএ-র হয়ে লড়ছেন টোয়েন্টি টোয়েন্টি পার্টির থমাস কে স্যামুয়েল।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন কে পি শ্রিহর।
২০২১ সালের নির্বাচনে কেরল কংগ্রেস এম-এর প্রমোধ নারায়ণন ১ হাজার ২৮৫ ভোটে এই আসনে জিতেছিলেন।
২০১৬ সালে সিপিএম-এর রাজু আব্রাহাম ১৪ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।
এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজারেরও বেশি, যার মধ্যে ৯০ হাজারের বেশি মহিলা ভোটার।
———————————————————–
পুদুচেরি থেকে আমাদের সংবাদদাতার নজর আজ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ ভবন বিধানসভা কেন্দ্রে।
মূলত শহরাঞ্চলভিত্তিক এই কেন্দ্রে প্রধান নির্বাচনী ইস্যু হল নাগরিক পরিকাঠামো, পর্যটন উন্নয়ন, মৎস্যজীবী কল্যাণ, আবাসন এবং যানজট।
২০২৬ সালের নির্বাচনে এখানে বহু-কোণার লড়াই দেখা যাচ্ছে।
প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ভি পি রামালিঙ্গম, ডিএমকের ভিগ্নেশ কান্নান এবং কংগ্রেসের আর কুমারণ।
তামিলগা ভেত্রি কাজগমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন আইপিএস অফিসার ভি জে চন্দ্রন।
এছাড়া নাম তামিলার কাটচির এস কার্পাগাভল্লি, তামিলগা মাক্কাল থান্নুরিমাই কাটচির পি কোডেশ্বরন এবং এক স্বতন্ত্র প্রার্থীও লড়াইয়ে রয়েছেন।
———————————————————–
পাঞ্জাবের প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রবীণ আইনজীবী হরবিন্দর সিং ফুলকা আজ নয়াদিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরি এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন।
———————————————————–
ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড সংশোধনী বিল ২০২৬ আজ রাজ্যসভায় কণ্ঠভোটে পাস হওয়ায় সংসদের অনুমোদন পেল।
কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা বিলটি উত্থাপন করেন।
২০১৬ সালের আইবিসি আইনে আরও সংশোধন আনা, এবং সংস্থা ও ব্যক্তিদের মধ্যে প্রক্রিয়াগত বিলম্ব ও ব্যাখ্যাগত জটিলতা দূর করাই এই বিলের উদ্দেশ্য।
দিনের কাজ শেষ হওয়ার পর রাজ্যসভা মুলতবি হয়ে যায়।
———————————————————–
এর আগে উচ্চকক্ষ আজ কণ্ঠভোটে পাস করেছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিল ২০২৬।
গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিলটি উত্থাপন করেছিলেন।
গ্রুপ এ জেনারেল ডিউটি অফিসার এবং অন্যান্য আধিকারিকদের নিয়োগ ও পরিষেবার শর্তাবলি নিয়ন্ত্রণ করাই এই বিলের লক্ষ্য।
———————————————————–
লোকসভা আজ জন বিশ্বাস, অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল ২০২৬-এ অনুমোদন দিয়েছে।
দিনের কাজ শেষ হওয়ার পর লোকসভাও মুলতবি করা হয়।
এর আগে অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন সংশোধনী বিল ২০২৬-ও আজ লোকসভায় পাস হয়েছে।
এই বিল ২০১৪ সালের অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনে সংশোধন আনে এবং অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসেবে আইনগত মর্যাদা দেয়।
———————————————————–
প্রবীণ বিজেপি নেতা এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেন, সংসদে বিল আনার সিদ্ধান্ত প্রয়োজন এবং সময়ের পরিস্থিতি অনুযায়ী নেওয়া হয়, একে রাজনৈতিক চশমায় দেখা উচিত নয়।
অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী বিল পাস হওয়ার পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
———————————————————–
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে জনগণনা ২০২৭-এর স্ব-গণনা উদ্যোগে অংশ নেন।
তিনি প্রবীণ আধিকারিকদের উপস্থিতিতে অনলাইন পোর্টালে নিজের পরিবারের তথ্য নিজেই নথিভুক্ত করেন।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও উপরাষ্ট্রপতি ভবনে জনগণনা ২০২৭-এর স্ব-গণনা ফর্ম অনলাইনে পূরণ করেন।
———————————————————–
ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং কমিশন এবং কর্মযোগী ভারত যৌথভাবে আগামীকাল থেকে দিল্লিতে সপ্তাহব্যাপী ‘সাধনা সপ্তাহ’ আয়োজন করছে।
এর লক্ষ্য দেশের সরকারি কর্মচারীদের সক্ষমতা, কাজের মান এবং দক্ষতা বৃদ্ধি করা।
কেন্দ্রীয় মন্ত্রক, দফতর, সংস্থা এবং রাজ্যগুলির সব স্তরের কর্মী ও আধিকারিকরা iGOT প্ল্যাটফর্ম এবং অন্যান্য মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নেবেন।
ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপার্সন এস রাধা চৌহান বলেছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সক্ষমতা বৃদ্ধিকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করা।
———————————————————–
পশ্চিম এশিয়ার সংঘাত ঘিরে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানকে ঘিরে চলা সংঘাত ব্রিটেনের ভবিষ্যতের উপরও প্রভাব ফেলতে পারে, যদিও অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় দেশ প্রস্তুত।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও সতর্ক করেছেন যে এই সংঘাতের অর্থনৈতিক অভিঘাত আরও কয়েক মাস থাকতে পারে।
তিনি নাগরিকদের জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং গণপরিবহণের উপর বেশি নির্ভর করার আহ্বান জানিয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সকালে এই সংঘাত নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানানো হয়েছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুদ্ধবিরতি চেয়েছে, যদিও তেহরান সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছে।
———————————————————–
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের শচীন সিওয়াচ এবং বিশ্বনাথ সুরেশ আজ মঙ্গোলিয়ার উলানবাটরে নিজেদের নিজস্ব ওজন বিভাগের পুরুষদের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
পুরুষদের ৬০ কেজি বিভাগে সিওয়াচ শেষ ষোলোয় মঙ্গোলিয়ার বুয়ান্দালাই বেয়ারখুকে ৪-১ ব্যবধানে স্প্লিট ডিসিশনে হারান।
পুরুষদের ৫০ কেজি বিভাগে সুরেশ কিরগিজস্তানের বেকজাত এরগেশভকে ৫-০ ব্যবধানে সর্বসম্মত সিদ্ধান্তে পরাজিত করেন।
———————————————————–
আইপিএল ক্রিকেটে লখনউতে দিল্লি ক্যাপিটালসের সামনে ১৪২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
এর আগে ব্যাট করতে নেমে লখনউ ১৮ দশমিক ৪ ওভারে ১৪১ রানে অল-আউট হয়ে যায়।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
———————————————————–
আবার এক নজরে প্রধান খবর।
পশ্চিম এশিয়া সংকট সত্ত্বেও খরিফ মরশুমের জন্য দেশে সার, বীজ এবং কৃষি-রাসায়নিকের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানাল কেন্দ্র।
দেশীয় উড়ান পরিষেবার জন্য এটিএফ-এর মূল্যবৃদ্ধি সীমিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিমান শিল্প।
অসমে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং স্থানীয় মানুষের জমির অধিকার রক্ষার অঙ্গীকার প্রধানমন্ত্রীর।
প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।
ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড সংশোধনী বিল পাস করল সংসদ।
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের পরিষেবা-সংক্রান্ত সাধারণ নিয়ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিল পাস রাজ্যসভায়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অংশ নিলেন জনগণনা ২০২৭-এর স্ব-গণনায়।
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের শচীন সিওয়াচ এবং বিশ্বনাথ সুরেশ।
———————————————————–
এখানেই শেষ করছি আজকের সন্ধ্যার খবর।
দেখতে থাকুন।
শুভরাত্রি।
Sudarshan Bhunia
